
নিউজ ডেস্কঃ বিএনপির আন্দোলনের বিকল্প হচ্ছে আগুন সন্ত্রাস, অপরাজনীতি আর গুজব তৈরি করা- বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বিএনপি নেতাদের হুঁশিয়ার করে দিয়ে বলেন, বিকল্প আন্দোলনের নামে দেশের সম্পদ এবং জীবনহানি ঘটানোর অপপ্রয়াস জনগণ ও সরকার মেনে নেবে না।
সোমবার (৮ মার্চ) সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ কথা বলেন। বিএনপির বিকল্প আন্দোলন হচ্ছে দেশ-বিদেশে গোপন বৈঠক আর ষড়যন্ত্র করা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জনবিচ্ছিন্ন এসব আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই, কারণ মুজিব আদর্শের সৈনিকেরা রাজপথ ভয় পায় না। ‘আন্দোলন বাধা দিলে বিএনপি বিকল্প পথে আন্দোলন করবে’ এ ধরনের বক্তব্য প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, যারা এ পর্যন্ত রাজপথে কোনো ধরনের আন্দোলনের ঢেউ তুলতে পারেনি, তাদের বাধা দেওয়ার দরকার হয় না। বিএনপি আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।