
নিউজ ডেস্কঃ স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, স্বাস্থ্য খাতকে অবেহলা নয়, এই খাতে আরো বিনিয়োগ বাড়াতে হবে। স্বাস্থ্যখাত ঠিক না থাকলে অর্থনীতি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। করোনা ভাইরাসের কারণে বিশ্বে ১২ ট্রিলিয়ন ডলার, বাংলাদেশে কমপক্ষে ১২ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। সোমবার (৮ মার্চ) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহায়তায় ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের আয়োজনে ‘করোনার এক বছরে বাংলাদেশ: সাফল্য ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে বাংলাদেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন উৎপাদনের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। দেশেই একদিন সফলভাবে করোনা ভাইরাসের ভ্যাকসিন উৎপাদন সম্ভব হবে। করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের বিভিন্ন পদক্ষেপ ও চ্যালেঞ্জসমূহ তুলে ধরে তিনি বলেন, শুরুতে করোনা ভাইরাসের চিকিৎসা সম্পর্কেই আমাদের জানা ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্রুততার সঙ্গে যথাযথ নির্দেশনার কারণেই করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশ সফল হয়েছে। প্রধানমন্ত্রীর সহায়তায় করোনা ভাইরাস মোকাবিলার জন্য মাত্র ১৫ দিনের কর্মযজ্ঞের মাধ্যমে কয়েক হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দেওয়া সম্ভব হয়েছিল।