News71.com
 Bangladesh
 09 Mar 21, 12:04 AM
 273           
 0
 09 Mar 21, 12:04 AM

অচলায়তন ভেদ করে নারীরা সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।। প্রধানমন্ত্রী

অচলায়তন ভেদ করে নারীরা সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।। প্রধানমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ ধর্ম ও সামাজিকতার অজুহাতে অচলায়তন ভেদ করে নারীরা এখন সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অধিকার আদায়ের যোগ্যতা অর্জন করতে হবে নারীদের। সোমবার (০৮ মার্চ) সকালে গণভবন থেকে শিশু একাডেমিতে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। কৃষিনির্ভর বাংলাদেশে ফসলের মাঠ থেকে শুরু করে শিক্ষা, চিকিৎসা, বিজ্ঞান কূটনীতি, প্রশাসন সামরিক অঙ্গনসহ নারীরা এখন প্রায় সম-অধিকারে প্রতিষ্ঠিত সর্বত্র। সরকারের নীতিগত সহায়তা আর সামাজিক সচেতনতায় আলো কিছুটা এলেও, পশ্চাৎগামিতার আঁধার এখনও কাটেনি। এমন প্রেক্ষাপটে ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ প্রতিপাদ্যে এ বছর আন্তর্জাতিক নারী দিবস দিবস পালন করা হচ্ছে বাংলাদেশেও।

 

শিশু একাডেমিতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী। নারীর উন্নয়নে বিশেষ অবদানের জন্য ৫ ক্যাটাগরিতে ৫ সংগ্রামী নারীকে দেয়া হয় জয়িতা পদক। প্রধানমন্ত্রীর পক্ষে এসব পদক তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ধর্ম ও সামাজিকতার অচলায়তন ভেঙে নারী আজ সব খানেই প্রতিষ্ঠিত। এই অগ্রযাত্রার শুরু আওয়ামী লীগের আমলেই। মেয়েদের এমন শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। যাতে তারা ভবিষ্যৎ জীবনে আদর্শ গৃহিণী, জননী ও নারী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। জাতীয় সংসদে স্পিকার, সংসদ নেতা, উপনেতা, বিরোধী নেতা সব নারী। এভাবে রাজনীতিসহ বাংলাদেশের সর্বক্ষেত্রে নারীরা এগিয়ে আসছে। অচলায়তন ভেদ করে মেয়েরা এগিয়ে যাচ্ছে। এটি সবচেয়ে বড় সফলতা।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন