News71.com
 Bangladesh
 04 Mar 21, 11:11 PM
 333           
 0
 04 Mar 21, 11:11 PM

কর্মচারী পেশা বদলে মলমপার্টি-ছিনতাইয়ে।। গ্রেফতার ৭ জন

কর্মচারী পেশা বদলে মলমপার্টি-ছিনতাইয়ে।। গ্রেফতার ৭ জন

 

নিউজ ডেস্কঃ বিভিন্ন দোকানের কর্মচারী বা অন্যান্য কাজ করে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু বর্তমান সময়ে আয় কমে যাওয়ায় পেশা বদলে নাম লেখান মলমপার্টি-ছিনতাইয়ে। ঝুঁকি জেনেও বাসের যাত্রীদের টার্গেট করে ছিনতাই চালিয়ে আসছিলেন তারা। বুধবার (৩ মার্চ) রাজধানীর উত্তরা-আবদুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই ও মলমপার্টির সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

 

গ্রেফতাররা হলেন মূলহোতা স্বপন (৫২), ফিরোজ (৪০), মাসুদ রানা (৫১), শহীদুল ইসলাম (৫১), জাকির হোসেন জাকির (৫৫), শহীদুল ইসলাম ওরফে শহীদুল (৩৩) ও হাবিবুর রহমান সিরাজ ওরফে সিরাজ মুন্সী (৫০)। এ সময়ে তাদের কাছ থেকে চারটি প্লাস্টিকের ছোট কৌটা ভর্তি মলম, ছোট একটি প্লাস্টিকের কৌটায় টাইগার বাম জাতীয় মলম, একটি স্টিলের ছোট কাঁচি, ১০ টি ঘুমের ওষুধ জব্দ করা হয়। 

 

বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে সিআইডির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির ঢাকা মেট্রোর অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক। তিনি বলেন, গ্রেফতাররা আগে অন্যান্য পেশায় যুক্ত ছিলেন। কিন্তু আয়-রোজগার কম হওয়ায় ঝুঁকি থাকা সত্ত্বেও দ্রুত বেশি টাকা আয় করার জন্য যুক্ত হয় মলমপার্টিতে। মলমপার্টির এ সক্রিয় সদস্যরা একত্রিত হয়ে কৌশলে সহজ-সরল যাত্রীদের টার্গেট করে চেতনানাশক ওষুধ ও মলম প্রয়োগ করে টাকা ও মূল্যবান মালামাল ছিনিয়ে নিতো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন