
নিউজ ডেস্কঃ নারী অফিস সহায়কের সঙ্গে আপত্তিকর সম্পর্কের ভিডিও ফাঁসে, দেশজুড়ে ব্যাপক সমালোচিত জামালপুরের সাবেক সেই জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরের বেতন গ্রেড কমানো হয়েছে। সরকারি কর্মচারী বিধিমালায় উল্লিখিত সবচেয়ে লঘু এই শাস্তি তাঁকে দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, অপরাধ অনুযায়ী আহমেদ কবীরের চাকরি চলে যাওয়ার কথা। তবে স্ত্রী সন্তানের কথা ভেবে তাঁকে চাকরিতে রেখে বেতন গ্রেড কমিয়ে দেওয়া হয়েছে। তাঁরা আরো বলেন, গুরুদণ্ডের সবচেয়ে কম শাস্তি দেওয়া হলেও এই কর্মকর্তার ক্যারিয়ার শেষ ধরতে পারেন।
কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮-তে গুরুদণ্ডের চার শাস্তির মধ্যে রয়েছে নিম্ন পদ বা নিম্ন বেতন গ্রেডে অবনমিতকরণ, বাধ্যতামূলক অবসর, চাকরি থেকে অপসারণ এবং বরখাস্তকরণ। তদন্ত সংশ্লিষ্টরা জানান, নিম্ন পদে নামিয়ে দেওয়ার শাস্তি দেওয়া হলে আহমেদ কবীর বিদ্যমান বেতনই পেতেন। আর নিম্ন বেতন গ্রেডের শাস্তি দেওয়ায় তাঁর বেতন অর্ধেক কমে গেল, তবে তিনি পদে বহাল থাকলেন।