
নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নবনিযুক্ত অস্ট্রেলীয় হাইকমিশনার জেরেমি ব্রুয়ার। বুধবার (৩ মার্চ) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
অস্ট্রেলিয়ার হাইকমিশনারকে উদ্ধৃত করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, ‘হাইকমিশনার বলেছেন, টিকাদানে বাংলাদেশ অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে রয়েছে। এ সময় করোনা ভাইরাস নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হওয়ায় বাংলাদেশের প্রশংসাও করেন অস্ট্রেলীয় রাষ্ট্রদূত।’ অন্য বিদেশি কূটনীতিকদের সঙ্গে তিনিও ঢাকায় করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন বলে জানান জেরেমি।
এদিকে বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাইকমিশনারকে বলেন, ‘সরকার, স্থানীয় প্রশাসন, সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সবাইকে কাজে লাগিয়ে সময়োচিত পদক্ষেপ নেওয়ার মাধ্যমে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে।’