
নিউজ ডেস্কঃ জরুরি ভিত্তিতে সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। দ্রুততম সময়ে যেন আমদানির এই চাল দেশে আসে তা নিশ্চিত করতে আগ্রহী আমদানিকারকদের দরপত্র দাখিলের সময়সীমা কমানো হয়েছে। আগে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র জমা দেওয়ার জন্য ৪২ দিন সময় দেওয়া হলেও এবারে সময় দেওয়া হচ্ছে ১০ দিন। আজ বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, আমাদের এ বছর খাদ্যশস্য উৎপাদন কম হয়েছে। চাল উৎপাদনও কম হয়েছে। এছাড়া গত বছর বন্যা ও অতিবৃষ্টির কারণে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। তিনি বলেন, খাদ্য মন্ত্রণালয়কে বলে দেওয়া হয়েছে বেশি যেন আমদানি না হয়ে যায়, সেদিকে তারা লক্ষ রাখবেন। আমদানি বেশি হলে আবার বাজারে প্রভাব পড়বে। পুরো বিষয়টি খাদ্য মন্ত্রণালয় দেখাশোনা করবে। তাদের যেটুকু ঘাটতি আছে বলে তারা মনে করছে, সেটুকুই আমদানি করার অনুমোদন দেওয়া হয়েছে।