News71.com
 Bangladesh
 03 Mar 21, 03:05 PM
 270           
 0
 03 Mar 21, 03:05 PM

তিতাসের এমডি-পল্লী বিদ্যুতের চেয়ারম্যানকে হাইকোর্টের শোকজ।।

তিতাসের এমডি-পল্লী বিদ্যুতের চেয়ারম্যানকে হাইকোর্টের শোকজ।।

 

নিউজ ডেস্কঃ আদালত অবমাননার অভিযোগে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানকে শোকজ করেছেন হাইকোর্ট। কেন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে না সে বিষয়ে ২ সপ্তাহের মধ্যে তাদের ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। 

 

এছাড়া কেরানীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের করা মামলার আসামি শিল্প মালিকদের বিরুদ্ধে ফৌজদারি আইন অনুসারে ব্যবস্থা নিয়ে ৭ দিনের মধ্যে আদালতকে লিখিতভাবে জানাতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। 

 

বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। বুড়িগঙ্গার পানি দূষণ করার কারণে আদালতের নির্দেশে একবার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পর কেরানীগঞ্জ এলাকায় কিছু শিল্প প্রতিষ্ঠানে পুনরায় গ্যাস ও বিদ্যুৎ সংযোগ দেওয়ায় এই শোকজ করা হয়েছে।

 

বুড়িগঙ্গা নদী দূষণরোধে পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা এক রিট মামলায় এ আদেশ দেন হাইকোর্ট। রিট আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। পরিবেশ অধিদপ্তরের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আমাতুল করিম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন