
নিউজ ডেস্কঃ পদ্মানদীর ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের নবীনগর, দাদপুর, কামালপুর ও বিলকেদা পয়েন্ট থেকে বালি ও মাটি চুরি করা একটি চক্রকে আটক করেছে থানা পুলিশ। পৃথক পৃথক অভিযানে গত কয়েক দিনে বালি ও মাটি চুরির দায়ে ৯ জন চালককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ৫টি ১০ চাকার ড্রাম ট্রাক, একটি ফিটবাডির ট্রাক, ২টি ট্রাক্টর ও একটি এস্কেভেটর (বেকু)। একই সঙ্গে দায়ের করা হয়েছে পৃথক চারটি মামলা। আসামি করা হয়েছে বালি ও মাটি চুরি চক্রের ১০ জনকে। এসব মামলায় আরো অজ্ঞাত হিসেবে পলাতক আসামি করা হয়েছে অন্তত ১৫ জনকে।
বালি ও মাটি চুরি চক্রের পলাতক আসামিরা হলেন মসলেম উদ্দিন, জামিরুল ইসলাম, হিরাজ, জনি, সানা মন্ডল, রাকিব মন্ডল, জামসেদ সরদার, আজমাল মল্লিক, সুজাউল ইসলাম ও জুলমত হোসেন। আর চুরিকৃত বালি ও মাটি পরিবহনের কাজে জড়িত থাকা আটক পরিবহন চালকরা হলেন বাদশা সরদার, শাহাদত হোসেন, এনামুল শেখ, সবুজ আলী, রিপন, নিরব, আমির হোসেন, সিরাজুল ইসলাম ও মাসুদ রানা ভোলা। আজ মঙ্গলবার দুপুরে ঈশ্বরদী থানা, পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুল ইসলাম ও দায়েরকৃত মামলা সূত্রে এসব তথ্য জানা গেছে।