
নিউজ ডেস্কঃ সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদের মৃত ভাই বিমানচালক মোস্তফা জগলুল ওয়াহিদের সঙ্গে ভারতীয় হিন্দু নারীকে বিয়ের নিবন্ধনকারীকে (নিকাহ রেজিস্ট্রার, যা কাজি হিসেবে পরিচিত) তলব করেছেন হাইকোর্ট। আগামী ৮ মার্চ তাকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মোস্তফা জগলুল ও আঞ্জু কাপুরের বিয়ের নথিপত্র দেখতেই তাকে তলব করা হয়েছে।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। মোস্তফা জগলুলের প্রথম স্ত্রী ও তার সন্তানদের নিয়ে সৃষ্ট মামলার জেরে এ আদেশ দেন আদালত। মোস্তফা জগলুলের প্রথম স্ত্রী ও তার দুই মেয়ের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। কারাবন্দি আঞ্জু কাপুরের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাসুদ রেজা সোবহান।
মোস্তফা জগলুল ওয়াহিদের মৃত্যুর পরপরই তার ব্যাংক হিসাব থেকে এক কোটি ৪০ লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগের মামলায় জগলুল ওয়াহিদের দ্বিতীয় স্ত্রী দাবিদার ভারতীয় নাগরিক আঞ্জু কাপুরকে গত ৯ ফেব্রুয়ারি গ্রেপ্তার করে পুলিশ।
হাইকোর্টে আঞ্জু কাপুরের পক্ষ থেকে দাবি করা হয়, মৃত্যুর আগেই মোস্তফা জগলুলের গুলশানের বাড়ি তার নামে (আঞ্জু কাপুর) হুইল করে দিয়ে গেছেন। এ অবস্থায় স্পেশাল ম্যারেজ অ্যাক্ট ১৮৭২ অনুসারে কোনো মুসলিম কোনো হিন্দু নারীকে বিয়ে করতে পারে কি না এবং স্ত্রী হিসেবে তাকে দেওয়া জগলুল ওয়াহিদের সম্পূর্ণ বাড়ি উইল করার আইনগত ভিত্তি আছে কি না সে বিষয়ে অ্যামিকাস কিউরি হিসেবে চার সিনিয়র আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, সিনিয়র আইনজীবী কামাল-উল-আলম, মো. নুরুল আমিন ও কামরুল হক সিদ্দিকীর বক্তব্য শোনার পর নিকাহ রেজিস্ট্রারকে তলব করা হলো।