
নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকার একটি বাণিজ্যিক আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করে প্রায় ১ কোটি ৮০ লাখ টাকার ভ্যাট ফাঁকি উদঘাটন করেছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ভ্যাট ফাঁকির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভ্যাট আইনে মঙ্গলবার (০২ মার্চ) মামলা করা হয়েছে। প্রতিষ্ঠানটি হলো তানাজ এন্টারপ্রাইজ, ৭৬ রাজধানী পশ্চিম নাখালপাড়া, ঢাকা-১২১৬, মূসক নিবন্ধন নং-০০০০৬০২৭৮০১০১।
একজন গ্রাহক সুনির্দিষ্ট ভ্যাট ফাঁকির অভিযোগ করায় ভ্যাট গোয়েন্দা দল প্রতিষ্ঠানের নাখালপাড়া কার্যালয়ে অভিযান পরিচালনা করে। সংস্থার উপপরিচালক নাজমুন নাহার কায়সার অভিযানটি পরিচালনা করেন। এই আমদানিকারকের বিরুদ্ধে কমলাপুর আইসিডি দিয়ে ব্যাটারির একটি চালানে মিথ্যা ঘোষণায় পণ্য খালাস করার অভিযোগে ২০২০ সালের ১০ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে ভ্যাট গোয়েন্দারা এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধান শুরু করে।