
নিউজ ডেস্কঃ পূর্ব শত্রুতার জেরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের দু'জন আহত হয়েছে। সোমবার (১ মার্চ) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সোহেল হাওলাদার এবং একাউন্টিং এন্ড ইনফরমেশনস সিস্টেম বিভাগের শিক্ষার্থী প্রীতম সেন। এদের মধ্যে সোহেল হাওলাদারকে বিশ্ববিদ্যালয়ের এম্বুলেন্সে করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং প্রীতম সেনকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্বের ঘটনার জেরে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী সোহেল হাওলাদারের উপর ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী সালমান চৌধুরী, প্রীতম সেন, সিফাত, সোহাগ, আল-আমিন, অভি সহ বেশ কয়েকজন হামলা করে। এতে সোহেল হাওলাদার ও প্রীতম সেন দু'জনই চোখে মারাত্মকভাবে জখম হন। এ বিষয়ে আহত সোহেল হাওলাদার বলেন, 'আমি হোটেল থেকে খাবার খেয়ে হলে ফিরছিলাম। এই সময় পেছন থেকে ১৫ থেকে ২০ জন এসে আমাকে এলোপাথাড়ি মারতে থাকে। যদিও তাদের সঙ্গে আমার পূর্বে একটা ঝামেলা ছিলো, যা ইতোমধ্যে মীমাংসা হয়ে গেছে।