
নিউজ ডেস্কঃ রাজধানীর কদমতলীর দক্ষিণ দনিয়ায় একটি বাসায় ফারজানা আক্তার মীম (১০) নামে এক স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রোববার (২৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে অচেতন অবস্থায় স্বজনরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর গ্রামের ওয়াহিদ গাজির মেয়ে মীম পরিবারের সঙ্গে দক্ষিণ দনিয়ায় থাকতো। মুরাদপুরে একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণিতে পড়তো সে।
মীমের বাবা ওয়াহিদ গাজী জানান, তিনি এশার নামাজ পড়তে মসজিদে ছিলেন। আর মীমের মা এবং বড় ভাইও বাসার বাইরে ছিলেন। পাশের বাসার এক মেয়ের সঙ্গে নিজেদের বাসাতেই খেলছিল মীম। এর কিছুক্ষণ পর পাশের বাসার ভাড়াটিয়াদের মাধ্যমে খবর পেয়ে বাসায় গিয়ে দেখেন মীমকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। এরপর সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওয়াহিদ গাজী বলেন, বাসায় বিছানার উপর বসে খেলার সময় তার গলার ওড়নার একপাশ সিলিং ফ্যানের সঙ্গে আটকে যায়। এতে তার গলায় ফাঁস লাগে বলে মীমের সঙ্গে খেলা করা মেয়েটির কাছে শুনতে পেরেছি।