
নিউজ ডেস্কঃ ‘সেফ কিপার চ্যানেল আই মিডিয়া অ্যাওয়ার্ড-২০২০’ পেলো ই-কমার্স ভিত্তিক দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডট কম ডট বিডি। ই-কমার্স ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ই-কমার্স প্রতিষ্ঠান হিসেবে এ সম্মাননা পুরস্কার পায় ইভ্যালি।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) চ্যানেল আই ভবনের চেতনা চত্বরে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা করে পুরস্কার পদক তুলে দেওয়া হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন। এ সময় চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজসহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তরা উপস্থিত ছিলেন।
পুরস্কার নেওয়ার পর এক প্রতিক্রিয়ায় ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, আমাদের জন্য যারা ভোট দিয়েছেন তাদের প্রতি ইভ্যালি পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যম আয়োজিত এমন অনুষ্ঠানে আমাদের সম্মানিত করায় আয়োজকদের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।