
নিউজ ডেস্কঃ চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী তিনটি লঞ্চে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে জেলার মতলব উত্তরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী জানান, দেশের দক্ষিণাঞ্চল থেকে রাজধানী ঢাকার সদরঘাটে যাবার পথে তিনটি লঞ্চে কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালায়। এ সময় যাত্রীবাহী লঞ্চ এমভি সপ্তবর্ণা-৯, এমভি শাকিল-৪ এবং এমভি তাসরিফ-৪ নামে এই তিনটি লঞ্চ থেকে বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা ৮০০ কেজি জাটকা জব্দ করে।
তবে এই অভিযানে কাউকে আটক করতে পারেনি কোস্ট গার্ডের সদস্যরা। জেলা মৎস্য কর্মকর্তা জানান, জব্দ করা জাটকাগুলো এলাকার এতিমখানা, মাদ্রাসাসহ ১২টি ধর্মীয় প্রতিষ্ঠানে এবং শতাধিক অসহায় দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়।