
নিউজ ডেস্কঃ প্রশান্ত কুমার (পি.কে.) হালদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারায় দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বাংলাদেশ ব্যাংকের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, পি কে হালদার ও তার সহযোগীরা মোটা অংকের টাকা নিয়ে পালিয়েছে। অথচ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংক বা দুদক কিছুই করতে পারলো না।
বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান সংক্রান্ত বিভাগের দায়িত্বশীল নির্বাহী পরিচালক ও উপ-পরিচালকরা পিপলস লিজিংসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে মধু খেয়েছে। পিপলস লিজিং-এ এতো কিছু ঘটে গেলো, অথচ তারা কিছুই করেনি। এসময় আদালত বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক শাহ আলমকে চোর ও ডাকাত বলে সম্মোধন করেন। দুদক প্রসঙ্গে আদালত বলেন, পি কে হালদারের বিষয়ে আমরা আদেশ দিলাম সেই কবে। আর জানুয়ারিতে এসে দুদক বললো, পি কে হালদার পালিয়ে গেছে।
পিএলএফএস লিমিটেড অবসায়ন সংক্রান্ত মামলায় শুনানিকালে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্টের কম্পানি বেঞ্চ মঙ্গলবার এ মন্তব্য করেন। পিপলস লিজিং থেকে ঋণ নেওয়ার বিষয়ে ঋণখেলাপিদের বক্তব্য শোনার সময় এ মন্তব্য করেন আদালত।