
নিউজ ডেস্কঃ পরীক্ষা স্থগিতের প্রতিবাদের রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। এতে আজিমপুর-গাবতলী মিরপুর সড়কের অাজিমপুর থেকে সায়েন্সল্যাব মোড় পর্যন্ত রাস্তায় সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নীলক্ষেত মোড়ে প্রথমে মানবন্ধন করেন তারা। মানবন্ধনে অধিক সংখ্যক শিক্ষার্থী যুক্ত হলে শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নেন। এর আগে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষদের বৈঠকে পরীক্ষা স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত হয়।
অবস্থান নেয়া শিক্ষার্থীরা বলছেন, ‘চলমান পরীক্ষা নেয়াসহ অচিরেই হল, ক্যাম্পাস খুলতে হবে।’ বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীরা জানান, বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন অযৌক্তিক সিদ্ধান্ত মানা সম্ভব নয়। শুধুমাত্র পরীক্ষার জন্য অনেকে মেস ভাড়া নিয়ে থাকছে, এখন বলা হচ্ছে পরীক্ষা হবে না। সকল শিক্ষার্থী পরীক্ষা দিতে চায়।