
নিউজ ডেস্কঃ এখন পর্যন্ত ২৩ লাখ ৮০ হাজার মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। এছাড়া রেজিস্ট্রেশন করেছেন ৩৬ লাখের বেশি মানুষ। তিনি বলেন, দেশে ৪০ বছরের ঊর্ধ্বে ৪ কোটি মানুষ আছেন। ৩ কোটি ডোজ দেবে ভারতের সেরাম। এরইমধ্যে ২০ লাখ ডোজ উপহার দিয়েছে তারা। আর যারা প্রথম ডোজ টিকা পেয়েছেন তাদের ২য় ডোজ টিকা দেওয়া শুরু হবে এপ্রিলের ৭ তারিখ থেকে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
এ মাসে ৫০ লাখ ডোজ টিকা পাওয়ার কথা রয়েছে সেরামের থেকে তারা দিয়েছে ২০ লাখ। এজন্য বাকি ৩০ ডোজ পেতে সেরাম ইনস্টিটিউটকে চাপ দেওয়া হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। যে হারে রেজিস্ট্রেশন করছেন দেশের মানুষ সে হারে টিকা দেওয়া নির্ভর করবে সেটি পাওয়ার উপর। এ কথা জানিয়ে পরবর্তীতে এ হার কমে আসতে পারে বলেও অভিমত ব্যক্ত করেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষক, পাইলট, বিমানবন্দরকর্মীদের টিকা দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে অনুসারে কাজ চলছে।