
নিউজ ডেস্কঃ মহামারি করোনার ভ্যাকসিন দিয়ে শিক্ষার্থীদের হলে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। করোনাকালীন উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া দুইটায় অনলাইনে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান মন্ত্রী।শিক্ষামন্ত্রী জানান, ঈদ-উল-ফিতরের পর ২৪ মে থেকে দেশের সব বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। আর আবাসিক হলগুলো এক সপ্তাহ আগে অর্থাৎ ১৭ মে খুলে দেওয়া হবে। তিনি বলেন, শিক্ষার্থীরা বিসিএস পরীক্ষার পড়াশোনার জন্য হলে উঠতে চাইছেন। আমরা বিসিএস পরীক্ষার আবেদন ও পরীক্ষার তারিখ পিছিয়ে দিচ্ছি। বয়সসীমার কারণে শিক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে।
তবে হল খোলার অজুহাতে বিশ্ববিদ্যালয়গুলোকে অস্থিতিশীল করার জন্য একটি মহল ষড়যন্ত্র করতে পারে বলেও মনে করেন শিক্ষামন্ত্রী। দীপু মনি বলেন, শিক্ষার্থীদের ভ্যাকসিন দিয়ে হলে নেওয়া হবে। সরকার নিরলস প্রচেষ্টায় করোনা নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। আমরা ভ্যাকসিন না দিয়ে শিক্ষার্থীদের হলে নিয়ে অনিরাপদ অবস্থায় সবাইকে ঝুঁকির মধ্যে ফেলতে পারি না।