
নিউজ ডেস্কঃ কানাডা সরকার করোনা ভাইরাস প্রতিরোধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে টিকা প্রদানের পাশাপাশি বিদেশ থেকে কানাডায় আসা যাত্রীদের সরকার নির্ধারিত হোটেলে তিন দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন আগামী ২২ ফেব্রুয়ারি সোমবার থেকে কার্যকর করতে যাচ্ছে। এই লক্ষে ফেডারেল সরকার প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে বিমানবন্দর সংলগ্ন এলাকায় কোয়ারেন্টাইনের জন্য ১১টি হোটেল নির্দিষ্ট করে অনুমোদন দিয়েছে। কোভিডের তৃতীয় ওয়েভ এবং নতুন ভ্যারিয়েন্ট ঠেকাতে কানাডা সরকার এই কঠোর পদক্ষেপ নিয়েছে।
আগামী সোমবার থেকে কানাডায় আসা যাত্রীদের নিজ খরচে বাধ্যতামূলকভাবে তিনদিন অনুমোদিত এই হোটেল গুলোতে অবস্থান করতে হবে। প্রসঙ্গত, বর্তমানে টরন্টো, মন্ট্রিয়ল, ভ্যাঙ্কুভার এবং ক্যালগেরি- এই চারটি বিমান বন্দরকে আন্তর্জাতিক ফ্লাইট উঠানামার জন্য নির্ধারিত করা হয়েছে। বিদেশফেরত যাত্রীদের নির্ধারিত হোটেলগুলোর সবকটিই বিমানবন্দর সংলগ্ন।