
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভাষা আন্দোলনের পথ ধরেই দেশের সকল সংগ্রাম এবং তার ফলে স্বাধীনতা অর্জিত হয়েছিল। একুশে পদক প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। আজ শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক বিজয়ীদের হাতে এই পদক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এতে প্রধানমন্ত্রীর পক্ষে পদক তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
পদকপ্রাপ্ত গুণীজনদের কাছ থেকে নতুন প্রজন্ম শিক্ষা গ্রহণ করবে, এই আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এই বাংলাদেশ আত্মমর্যাদায় বিশ্বের বুকে মাথা উঁচু করে চলবে।’ যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলা ভাষায় কথা বলার স্বাধীনতা এসেছে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। চলতি বছর ভাষা আন্দোলনে তিনজন, মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে তিনজন, শিল্পকলায় সাতজন, ভাষা ও সাহিত্যে তিনজন এবং সাংবাদিকতা, শিক্ষা, গবেষণা, অর্থনীতি ও সমাজসেবায় একজন করে একুশে পদক দেওয়া হয়েছে।