
নিউজ ডেস্কঃ মশা নিয়ন্ত্রণে নিজেদের আওতাধীন এলাকায় বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সপ্তাহব্যাপী এ অভিযান শুক্রবার ও ২১ ফেব্রুয়ারি বাদে চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।শনিবার (২০ ফেব্রুয়ারি) ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা রাজধানীর গুলশান থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অভিযান চলাকালে সর্বত্র মশার কীটনাশক প্রয়োগ করা হবে। এছাড়া মশার প্রজননস্থল ধ্বংস করতে পরিচ্ছন্নতা কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। বিভিন্ন ড্রেন ও জলাশয়ে চতুর্থ প্রজন্মের লার্ভিসাইড নোভালিউরন প্রয়োগ করা হবে।
উদ্বোধন অনুষ্ঠানে সেলিম রেজা বলেন, মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির মেয়র-কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা নগরবাসীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ। নগর জীবনে স্বস্তি ফিরিয়ে আনার জন্য ডিএনসিসি মেয়র ওয়াদাবদ্ধ। শনিবার থেকে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে একযোগে এ অভিযান পরিচালিত হবে। ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলররা এ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন।