
নিউজ ডেস্কঃ বাংলাদেশ সুপ্রিম কোর্টে ভারতের সহযোগিতায় ইংরেজি থেকে বাংলা ভাষায় অনুবাদ সংক্রান্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার ‘আমার ভাষা’ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সফটওয়্যারটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, ‘ইংরেজিতে প্রদত্ত আদালতের রায়গুলো এই সফটওয়্যারের মাধ্যমে সহজেই বাংলায় অনুবাদ করা যাবে। ফলে বিচারপ্রার্থী এবং সাধারণ জনগণের কাছে আদালতের রায়গুলো আরও সহজবোধ্য হবে।’
আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের সর্বোচ্চ আদালতে ইংরেজি ভাষায় প্রদত্ত রায় বাংলা ভাষায় অনুবাদের এই প্রযুক্তিগত সহযোগিতা এদেশের বিচারপ্রার্থী মানুষের একসেস টু জাস্টিস নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি জানান, প্রথম পর্যায়ে কেবল উচ্চ আদালতের রায়গুলো বাংলায় অনুবাদ করার ক্ষেত্রে 'আমার ভাষা' সফটওয়্যার ব্যবহার করা হবে। এরপর পর্যায়ক্রমে নিম্ন আদালতের রায়ও বাংলায় অনুবাদ করার ক্ষেত্রে এই সফটওয়্যার ব্যবহার করা হবে। মন্ত্রী বলেন, এতোদিনে বাংলাদেশের সকল আদালতের সকল কার্যক্রম বাংলা ভাষাতেই হওয়া বাঞ্ছনীয় ছিল। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দীন, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার প্রমুখ বক্তব্য দেন।