
নিউজ ডেস্কঃ আজ ঋতুরাজ বসন্তের পঞ্চমদিন। প্রকৃতির রূপ বদলের পাশাপাশি বদলে যাচ্ছে আবহাওয়াও। শৈত্যপ্রবাহ কেটে যেতেই তরতর করে উপরের দিকে উঠছে ব্যারোমিটারের পারদ। রাতে লেপ, কম্বল তুলে রাখার জোগাড়। দিনের বেলায় গরম কাপড় এখন রীতিমত বিড়ম্বনাই বলা চলে।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, তেমনটাই তো হওয়ার কথা। কেননা তাপমাত্রা দিনের বেলা ৩৪ ডিগ্রি ছাড়িয়ে গেছে। রাতের তাপমাত্রাও বেশিরভাগ সময় ১৫ ডিগ্রির উপরে অবস্থান করছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এক পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে, ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।