
নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে দেশে খুচরা পর্যায়ে ভোজ্য তেলের দাম নির্ধারণ করলেও সাধারণ মানুষের জন্য টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে তেল বিক্রি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরের নাসিরাবাদে বাংলাদেশ চা বোর্ডের প্রধান কার্যালয়ে ‘বঙ্গবন্ধু স্মৃতি গ্যালারি’ ও ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন শেষে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেছেন, ভোগ্যপণ্যের দর নির্ধারণে মন্ত্রণালয়ে একটি কমিটি আছে। যেখানে ব্যবসায়ীরাও আছেন। এ কমিটি সময় সময় বসে মূল্য নির্ধারণ করে থাকে। সমস্ত ডাটা নিয়ে বিস্তৃত আলোচনার পরিপ্রেক্ষিতে এটা করা হয়। আন্তর্জাতিক বাজারে গত ৬ মাসে তেলের দাম ৬৭ শতাংশ বেড়েছে। যেটা ৭০০ ডলার ছিল, সেটা এখন বিক্রি হচ্ছে সাড়ে ১১শ’ ডলার। সেই দামসহ সার্বিক বিষয় বিবেচনা করে দাম নির্ধারণ করা হয়েছে।