
নিউজ ডেস্কঃ জাতিসংঘে বাংলাদেশ মিশন, জাতিসংঘ সদর দপ্তর ও ইউনেস্কো এবং জাতিসংঘে ব্রাজিল, কানাডা, মিশর, জর্ডান, লিথুনিয়া এবং নিউজিল্যান্ড মিশনের সম্মিলিত উদ্যোগে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদযাপন উপলক্ষে ২২ ফেব্রুয়ারি সোমবার বেলা ১২টা থেকে দেড়টা পর্যন্ত এক ভার্চুয়াল অনুষ্ঠান হবে। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে “শিক্ষা ও সমাজ ব্যবস্থায় অন্তর্ভুক্তির জন্য বহুভাষিকতাকে উৎসাহিত করা”। সমন্বিত সমাজ বিনির্মাণ ও সহনশীলতা বজায় রাখতে ভাষা ও যোগাযোগের যে তাৎপর্য ও প্রাসঙ্গিকতা রয়েছে তা কোভিড-১৯ অতিমারির এই নজিরবিহীন সঙ্কট মোকাবেলার সময়ে বিশ্ব নতুনভাবে উপলব্ধি করেছে। তাই ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে শিক্ষা ও যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার এবং এর সংরক্ষণের গুরুত্ব এখন আগের চেয়ে অনেক বেশি জরুরি হয়ে উঠেছে।