
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শীত মৌসুমে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সি ক্রুজ সার্ভিস চালু হতে পারে। বাংলাদেশে নবনিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিরুজিমাথ সামির গতকাল বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার সাংবাদিকদের ব্রিফ করেন। বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সি ক্রুজ চালুর সম্ভবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘শীত মৌসুমে আমরা মালদ্বীপের সঙ্গে সি ক্রুজ চালু করতে পারি।’ গভীর সমুদ্রে মৎস্য সম্পদ আহরণে মালদ্বীপের সঙ্গে অভিজ্ঞতা ও সহযোগিতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী সেখানে বসবাসরত বাংলাদেশী শ্রমিকদের করোনা টিকা দেওয়ার জন্য মালদ্বীপের প্রতি অনুরোধ জানান। শ্রমিকরা মালদ্বীপের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন উল্লেখ করে হাইকমিশনার বলেন, তার সরকার সেখানে কর্মরত শ্রমিকদের টিকা দেওয়া শুরু করতে যাচ্ছে।