
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মুসলিম উম্মাহর একজন ‘অনুকরণীয় নেতা’ হিসেবে মন্তব্য করেছেন বাংলাদেশে নবনিযুক্ত মিশরের রাষ্ট্রদূত হাইথাম ঘোবাশি। বুধবার (১৭ ফেব্রুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ মন্তব্য করেন তিনি। পরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার সাংবাদিকদের ব্রিফ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের আর্থসামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন মিশরের রাষ্ট্রদূত। এ সময় প্রধানমন্ত্রী বলেন, তার সরকার জাতির পিতার পদাংক অনুসরণ করে চলে স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে মিশরের রাষ্ট্রদূত বলেন, তার দেশ জোর করে বিতাড়িত রোহিঙ্গাদের নিজ মাতৃভূমি মিয়ানমারে প্রত্যাবর্তনে বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে।