
নিউজ ডেস্কঃ আল জাজিরার বিতর্কিত প্রতিবেদনটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে নিতে ইউটিউব এবং ফেসবুকের কাছে চিঠি দিয়েছে বিটিআরসি। বুধবার (১৭ ফেব্রুয়ারি) হাইকোর্টের নির্দেশের পর এ পদক্ষেপ নেয় সংস্থাটি। বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র গণমাধ্যমকে বলেন, আমরা ফেসবুক ও ইউটিউবের কাছে মেইল পাঠিয়েছি যেন বাংলাদেশকে নিয়ে আল জাজিরার কনটেন্টটি সরিয়ে নেয়। আশা করছি তারা আদালতের নির্দেশনাকে সম্মান জানাবে। এখন পর্যন্ত কোনো উত্তর পাইনি।
এর আগে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ সকল মাধ্যম থেকে বিটিআরসিকে প্রতিবেদনটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।