
নিউজ ডেস্কঃ পাসপোর্ট ভিসা ছাড়াই অবৈধভাবে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশসহ সীমান্তের দুই দেশের মাদক কারবারিদের সাথে যোগাযোগের অভিযোগে পঞ্চগড় পুলিশের দুই সদস্যসহ মোট চারজনের নামে মামলা করেছে পুলিশ। ওই মামলায় মঙ্গলবার পঞ্চগড় পুলিশ লাইনসে কর্মরত এএসআই মোশারফ হোসেন (৪০) ও কনস্টেবল ওমর ফারুক (২৪) কে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
সোমবার রাতেই দুই পুলিশ সদস্যসহ চারজনকে আসামি করে পঞ্চগড় সদর থানায় মামলা করেছে ওই থানার এসআই মোস্তাফিজুর রহমান। মামলার অন্য আসামিরা হলেন পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া এলাকার মাদক কারবারি আমিরুল ইসলাম (৪৫) ও মাসুদ নামে এক ব্যক্তি। মাসুদের ঠিকানা ও পরিচয় নেই এজাহারে।