
নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বাংলাদেশ- ভারত মৈত্রীর ৫০ বছর পূর্তি উদযাপনে, ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় শাখা কর্তৃক কলকাতার ফোর্ট উইলিয়ামে বছরজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এরই ধারাবাহিকতায় সোমবার (১৫ ফেব্রুয়ারি) ফোর্ট উইলিয়ামে ‘শিল্পীদের চোখে ৭১ এর স্মরণে’ নামে এক চিত্রশিল্পকলার আয়োজন করা হয়। এতে অংশ নিয়েছেন বাংলাদেশের দুই বিশিষ্ট চিত্রশিল্পী ও আটজন প্রখ্যাত ভারতীয় শিল্পী। এছাড়াও কলকাতার ১০ জন শিক্ষার্থী শিল্পী।
তারা ফোর্ট উইলিয়ামের আয়োজনে সেখানে বসে নিজেদের ভাবনা অনুযায়ী, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সেনাবাহিনীর সহযোগিতা তুলে ধরেছেন তাদের ক্যানভাসে। এ বিষয়ে বাংলাদেশের বিশিষ্ট চিত্রশিল্পী জামাল উদ্দিন আহমেদ বলেন, ‘নয় মাসের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর অবদান আমরা ভুলিনি। দুই দেশের সম্পর্ক আরো বন্ধুত্বপূর্ণ হচ্ছে। ভারতীয় সেনাবাহিনীর এমন উদ্যোগকে একজন শিল্পী হিসেবে সাধুবাদ জানাচ্ছি।