
নিউজ ডেস্কঃ পহেলা বৈশাখের মতো বসন্ত বরণও সর্বজনীন প্রাণের উৎসবে রূপ নিচ্ছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি বলেছেন পহেলা বৈশাখ দল, মত, নির্বিশেষে বাঙালির সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব। শহর, নগর, বন্দর থেকে শুরু করে গ্রামের পাড়া, মহল্লা সর্বত্র ধনী-গরিব সবাই স্বতঃস্ফূর্তভাবে প্রাণের এ উৎসবে মেতে ওঠে। সে ধরণের প্রাণের উৎসবে রূপ নিচ্ছে বসন্ত উৎসব।
প্রতিমন্ত্রী রোববার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে 'বসন্ত উৎসব ১৪২৭ বঙ্গাব্দ' উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বরাবর ১৩ ফেব্রুয়ারি বসন্ত উৎসব উদযাপিত হলেও গত বছর বাংলা একাডেমির সংশোধিত বর্ষপঞ্জি অনুযায়ী বসন্ত উৎসব এখন থেকে ১৪ ফেব্রুয়ারি উদযাপিত হবে।