
নিউজ ডেস্কঃ কমলাপুর রেলস্টেশন থেকে পর্যাপ্ত দূরত্বে মেট্রোরেলের স্টেশন নির্মিত হবে। সেক্ষেত্রে মেট্রোরেলের জন্য কমলাপুর রেলস্টেশন ভাঙার প্রয়োজন নেই বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। স্থপতি মোবাশ্বের হোসেনও মনে করেন কমলাপুর রেলস্টেশনকে অক্ষত রেখে সবকিছুই বিকল্প পরিকল্পনার মাধ্যমে করা সম্ভব।রেলমন্ত্রীও বলেছেন, কমলাপুর রেলস্টেশনকে রেখেই সব উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে।
দেশের প্রথম মেট্রোরেল উত্তরা থেকে মতিঝিল হয়ে শেষমেষ যাবে কমলাপুর। মেট্রোরেল-১, রাজধানীর এয়ারপোর্ট থেকে শুরু হয়ে দেশের প্রথম পাতাল মেট্রোরেলের গন্তব্যও কমলাপুর। রাজধানীর আরেক মেগাপ্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ে। যে উড়াল সড়ক এয়ারপোর্ট থেকে শুরু হয়ে বনানী, মগবাজার, কমলাপুর হয়ে যাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত।