
নিউজ ডেস্কঃ পুলিশের দক্ষতা ও সক্ষমতা আরও বাড়াতে বাহিনীতে যুক্ত হচ্ছে অত্যাধুনিক দুটি হেলিকপ্টার। এর মধ্য দিয়ে পুলিশের এয়ার উইংয়ে হেলিকপ্টার সংযোজনের ক্ষেত্রে নতুন দিগন্তের উন্মোচিত হলো। ফলে আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে পুলিশের কার্যক্রমে আরও গতিশীলতা আসবে। পাশাপাশি দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনসহ দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা এবং নজরদারি বাড়ানোর ক্ষেত্রে পুলিশ আরও দক্ষতার সাথে ভূমিকা রাখতে পারবে।
হেলিকপ্টার দুটি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট (জিটুজি) পদ্ধতিতে রাশিয়া থেকে কেনার জন্য বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের শাপলা কনফারেন্স রুমে বাংলাদেশ পুলিশ এবং হেলিকপ্টার নির্মাতা প্রতিষ্ঠান জেএসসি রাশিয়ান হেলিকপ্টারর্সের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ এবং রাশিয়ান হেলিকপ্টারর্স এর মহাপরিচালক আন্দ্রে আই ভোগেনিস্কি ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।