
নিউজ ডেস্কঃ অভাব-অনটন ও অভিমানে ব্রিজের উপর থেকে পানিতে ফেলে দেয়া ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের ১৫ মাসের সেই শিশু জাহিদকে একটি দুধেল গাভী উপহার দিয়েছে 'ষোলনল' নামের একটি সামাজিক সংগঠন।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের কাশিমবাজার গ্রামের জাহিদের পালিত মা এলিনা খাতুনের হাতে বাছুরসহ দুধেল গাভীটি তুলে দেয়া হয়। এসময় শিশুটির মা জমিলার বাবার পরিবারের নয় সদস্যের জন্য বস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীও দেয়া হয়।
গত ২৯ জানুয়ারি শিশু জাহিদের জন্য দুধ ও খাবার কিনতে বাবার বাড়ি থেকে সবার অজান্তে চাল বিক্রি করেন মা জামিলা খাতুন। পরে এ নিয়ে বাবা তাকে বাড়ি থেকে চলে যেতে বললে জমিলা মনের দুঃখে অভিমান করে বাড়ির পাশের একটি ব্রিজ থেকে শিশু জাহিদকে অথৈ পানিতে ফেলে দেন জমিলা। প্রথমে পানিতে ডুবে গেলেও কিছুক্ষণ পর ভেসে উঠে জাহিদ। এ ঘটনা দেখে পথচারীরা জাহিদকে জীবিত অবস্থায় উদ্ধার করলে ব্রিজের পাশের রফিকুল এলিনা পরিবার জাহিদকে হেফাজতে নেয়। এখন পর্যন্ত এলিনার কাছেই রয়েছে ১৫ মাসের শিশু জাহিদ।