
নিউজ ডেস্কঃ ঢাকা মেডিক্যালে টিকা বুথ পরিদর্শনে এসেছিলেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। পরে টিকা নেওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতালের আন্ডারগ্রাউন্ডে গণ টিকা বুথ পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে স্বাস্থ্য সচিব বলেন, ভ্যাকসিন নেওয়ায় কোন ঝামেলা নেই। ঢাকা মেডিক্যালে লাইন ধরে সবাই ভ্যাকসিন নিচ্ছে। এখন পর্যন্ত কেউ অস্বস্তি বোধ করেনি। আমি নিজেও নিয়েছি। ডিজি ও মন্ত্রী মহোদয় নিয়েছেন। আমি অত্যন্ত আশাবাদী। যত দিন যাবে তত উৎসব মুখর হবে।
তিনি বলেন, সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত প্রায় ৭৮ হাজার ভ্যাকসিন দিয়েছি। রেজিস্ট্রেশন করেছে ছয় লাখের বেশি। আমরা দেখছি ভ্যাকসিন মানুষ আনন্দের সঙ্গে নিতে আসছে। চমৎকার পরিবেশ আছে। এই পরিবেশে এসে সবাই যেন ভ্যাকসিন নিয়ে যায়। ভিড় করার কোন দরকার নাই। আমাদের সমস্ত লজিস্টিক সাপোর্ট এখানে দেওয়া আছে। স্পট নিবন্ধনও আমরা করছি। এখানে যদি কেউ এসে রেজিস্ট্রিশন করে তাদেরকেও ভ্যাকসিন দিচ্ছি। ম্যানুয়ালিও আমরা করছি। কিন্তু সবাইকে বলব রেজিস্ট্রিশন করে আসতে। বয়স্ক মানুষ যদি রেজিস্ট্রিশন করে না আসে তাদেরটা আমরা করে দিচ্ছি।