
নিউজ ডেস্কঃ কর্মপরিকল্পনা অনুযায়ী গুণগতমান বজায় রেখে প্রকল্পের কাজ যথাসময়ে সম্পন্ন করতে প্রকল্প পরিচালকদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।সোমবার (৮ ফেব্রুয়ারি) তিনি ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ২০২০-২১ অর্থ বছরের জানুয়ারি ২০২১ মাসের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন পর্যালোচনা সভায় এ আহ্বান জানান।
সভায় আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরসহ বিভাগের অধীন বিভিন্ন সংস্থা প্রধান এবং বিভিন্ন প্রকল্প পরিচালকরা অনলাইনে যুক্ত হন। সভায় আইসিটি বিভাগের চলতি অর্থবছরে গৃহীত প্রকল্পসমূহের বাস্তবায়ন পরিকল্পনা, মাস ভিত্তিক বাস্তবায়ন ও আর্থিক লক্ষ্যমাত্রা অর্জন এবং জনবল নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়।