
নিউজ ডেস্কঃ সমাজ থেকে দুর্নীতি দূর করতে সরকারের পাশাপাশি জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।রোববার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদের নেতৃত্বে কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০১৯ পেশ কালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।ভবিষ্যৎ প্রজন্ম যাতে একটি দুর্নীতি মুক্ত পরিবেশে বেড়ে উঠতে পারে সে লক্ষ্যে রাষ্ট্রপতি সকলের প্রতি, দেশব্যাপী দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য জানান। রাষ্ট্রপতি বলেন, দুর্নীতি উন্নয়নের বড় অন্তরায়। প্রাতিষ্ঠানিক দুর্নীতির পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক দুর্নীতি রোধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। দুদকের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন ভবিষ্যতে কমিশন দুর্নীতি রোধে আরো সক্রিয় ভূমিকা পালন করবে।