
নিউজ ডেস্কঃ সবাইকে নির্ভয়ে করোনার টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ রবিবার সকালে ঢাকা মহানগর জেনারেল হাসপাতালে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এ সময় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী উপস্থিত ছিলেন। তাপস বলেন, ‘সারাবিশ্বে যখন করোনা ভাইরাসের টিকা নিয়ে আলোচনা, সমালোচনা এবং হতাশা বিরাজ করছে। তখন আমরা একটি উন্নয়নশীল দেশ হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের কারণেই আমরা করোনা টিকা পেয়েছি। যত দ্রুত সম্ভব সবাই নির্ভয়ে টিকা নেবেন। টিকা নেওয়ার মধ্য দিয়ে আমরা করোনাকে জয় করব।’