
নিউজ ডেস্কঃ সারাদেশে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচির প্রথম দিন সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে টিকা নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একই দিনে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে থেকে টিকা নেবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এছাড়াও প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে টিকা নেবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া টিকা নেবেন ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে। কেবিনেট সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন টিকা নেবেন শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে। এছাড়া আরও কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী, আমলা এদিন টিকা নেবেন। শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ভ্যাকসিন বিষয়ক প্রস্তুতি সম্পর্কে জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।