
নিউজ ডেস্কঃ আগামী ২ এপ্রিল দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস এবং ৩০ এপ্রিল ডেন্টাল কলেজ ও ইউনিটগুলোর বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা স্বাস্থ্য অধিদফতরের অধীনে কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হবে।শনিবার (৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. আহসান হাবিব শনিবার সকালে গণমাধ্যমকে বলেন, ‘আগামী বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) থেকে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে। অনলাইনে নির্ধারিত আবেদনপত্র গ্রহণ করা হবে। চলবে ১ মার্চ পর্যন্ত।’ তিনি আরও বলেন, ‘২০ থেকে ২৫ মার্চ এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র দেওয়া হবে।’এ ছাড়া বিডিএস কোর্সের আবেদন শুরু হবে ২৭ মার্চ থেকে এবং আবেদনপত্র গ্রহণ করা হবে ১৫ এপ্রিল পর্যন্ত। ডেন্টালে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত বিতরণ করা হবে। দু-একদিনের মধ্যেই এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি জাতীয় দৈনিকে প্রকাশিত হবে।