
নিউজ ডেস্কঃ ‘অল দ্য প্রাইম মিনিস্টার মেন’ শিরোনামে সম্প্রতি কাতারভিত্তিক ‘আল জাজিরা’ চ্যানেলে সম্প্রচারিত প্রতিবেদনকে মিথ্যা বানোয়াট ও সাজানো চিত্রনাট্য বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। ‘জাতীয় গ্রন্থাগার দিবস ২০২১’ উদযাপন উপলক্ষে রাজধানীর গণগ্রন্থাগার অধিদফতরের সভাকক্ষে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এমন মন্তব্য করেন। কে এম খালিদ বলেন, আল-জাজিরার প্রতিবেদনের পেছনে সরকারবিরোধী একটি অশুভ চক্র জড়িত, যারা পদ্মা সেতু নির্মাণেরও বিরোধিতা করেছিল। প্রধানমন্ত্রীর সময়োচিত পদক্ষেপ ও দৃঢ় সিদ্ধান্ত গ্রহণের ফলে পদ্মা সেতু আজ বিশ্ববাসীর সামনে দৃশ্যমান। এ অপচক্রের ষড়যন্ত্র কখনো সফল হবে না বলেও মন্তব্য করেন কে এম খালিদ।