
নিউজ ডেস্কঃ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএনপির মহাসমাবেশের কর্মসূচি দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে দেশের বিরাজমান স্থিতিশীল পরিস্থিতি বিনষ্টের যে কোন অপপ্রয়াস আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে মোকাবেলা করবে। আজ বিকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।
দেশে এমন কোন পরিস্থিতি সৃষ্টি বা ইস্যু নেই যে বিএনপিকে আন্দোলন করতে হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, যে কোন শান্তিপূর্ণ কর্মসূচিকে আওয়ামী লীগ স্বাগত জানায় কিন্তু সমাবেশের নামে সহিংসতা সৃষ্টি করলে জনগণকে সাথে নিয়ে শক্ত হাতে তা দমন করা হবে। বিএনপি দেশ ও জাতির কল্যাণ ভুলে নানান অপপ্রচার ও ষড়যন্ত্রের পথকেই রাজনৈতিক কৌশল হিসেবে বেছে নিয়েছে, তারা একদিকে অপপ্রচারে বিনিয়োগ করেছে অপরদিকে ধোয়া তুলসী পাতা সেজে ব্যাখ্যা দাবি করছে বলে মনে করেন ওবায়দুল কাদের।