
নিউজ ডেস্কঃ বাঘ, হরিণসহ বন্যপ্রাণি হত্যা আর পাচাররোধে সুন্দরবনজুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে সুন্দরবন বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, বন অধিদপ্তরের নির্দেশে সুন্দরবন জুড়ে রেড এলার্ট কার্যকরে ম্যানগ্রেভ এই বন বিভাগের সকল স্টেশন, ক্যাম্প ও ফাঁড়িগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি বলেন, সম্প্রতি সুন্দরবনে বাঘ ও হরিণসহ বন্যপ্রাণি নিধন এবং পাচার বেড়ে যাওয়ায় এ রেড এলার্ট জারি করা হয়েছে। দায়িত্ব পালনে কঠোর নিদের্শনা দেয়া হয়েছে বনরক্ষীদের। এছাড়া বনের অভ্যন্তরে টহলও জোরদার করার নির্দেশনা দেয়া হয়েছে। বনে ছোট ডিঙ্গি নৌকা চলাচলের উপরও সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সকল ধরণের পাস-পারমিটও বন্ধের ঘোষণা দিয়েছে বনবিভাগ। পাস-পারমিট নিয়ে যে সকল জেলে-বাওয়ালীসহ বনজীবীরা বনের অভ্যন্তরের অবস্থান করছেন তাদের বেরিয়ে আসার জন্য এরইমধ্যে নির্দেশ দেয়া হয়েছে।