
নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম চলচ্চিত্রে পুলিশের কার্যক্রমকে শৈল্পিকভাবে তুলে ধরার আহ্বান জানিয়ে বলেছেন, ‘চলচ্চিত্র দেখে মানুষের মনে যেন পুলিশ সম্পর্কে বিরূপ ধারণার সৃষ্টি না হয়। পুলিশের বাস্তবসম্মত কাজের চিত্র দর্শকের সামনে সুন্দরভাবে ফুটিয়ে তুলবেন। সমাজ পরিবর্তনে পুলিশ যে ভূমিকা রাখছে তা চলচ্চিত্রে চিত্রায়নের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।’
আজ বুধবার ডিএমপি সদর দপ্তরে চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও শিল্পী গোষ্ঠীর নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এই ডিএমপি কমিশনার আরও বলেন, ‘স্বাধীনতা যুদ্ধে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম প্রতিরোধ যুদ্ধ শুরু করেছিল পুলিশ। ওই যুদ্ধে পুলিশের অনেক সদস্য দেশপ্রেমের টানে শাহাদাত বরণ করেন। পুলিশের এই আত্মত্যাগের চিত্র চলচ্চিত্রে উপস্থাপন করা হয় না, ফলে বিষয়টি জনগনের কাছে সঠিকভাবে পৌঁছায়নি। এই বিষয়গুলো চলচ্চিত্রের মাধ্যমে জনগণের কাছে তুলে ধরুন।