
নিউজ ডেস্কঃ বাংলাদেশ থেকে ধানের উন্নত জাত নিতে এবং কৃষিক্ষেত্রে সহযোগিতার জন্য বাংলাদেশের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করতে চায় নেপাল। কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সাথে মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ডা. বানশিধর মিশ্র সাক্ষাৎকালে এ আগ্রহ ব্যক্ত করেন। তথ্য অধিদপ্তরের এক তথ্যবিবরণীতে বিষয়টি জানানো হয়েছে। কৃষিক্ষেত্রে বাংলাদেশের সাফল্য তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশে কৃষিক্ষেত্রে ও খাদ্য উৎপাদনে অভূতপূর্ব সাফল্য এসেছে। কৃষির অগ্রগতির ফলেই দেশের বৃহৎ জনগোষ্ঠীর খাদ্যের যোগান অব্যাহত রয়েছে। দেশে ১০০টির বেশি উন্নত জাতের ধান ও প্রযুক্তি রয়েছে এর মধ্যে অনেকগুলো মেগা ভ্যারাইটি। নেপাল এজাতগুলো বাংলাদেশে থেকে নিতে পারে। এ ছাড়া দুই দেশের মধ্যে কৃষিক্ষেত্রে সহযোগিতার জন্য সমঝোতা স্মারকের বিষয়েও উদ্যোগ গ্রহণ করা হবে।
ধান উৎপাদনে বাংলাদেশ অসামান্য অগ্রগতি অর্জন করেছে উল্লেখ করে নেপালের রাষ্ট্রদূত ডা. বানশিধর মিশ্র বলেন, নেপালের মানুষের প্রধান খাদ্য চাল। কিন্তু নেপাল চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ নয় বরং বছরে অনেক চাল আমদানি করতে হয়। সেজন্য বাংলাদেশের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চাল উৎপাদন বাড়ানোর জন্য বাংলাদেশি ধানের জাত নেপাল নিতে চায়। এ ছাড়া বিভিন্ন ফসল, বীজ, উন্নত জাত, প্রযুক্তি, গবেষণাসহ কৃষির বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করা প্রয়োজন।