
নিউজ ডেস্কঃ কাতারভিত্তিক টেলিভিশন নেটওয়ার্ক আল জাজিরায় ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ শিরোনামে প্রচারিত প্রতিবেদনকে ভ্রান্ত ও ভিত্তিহীন বলে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সেনা সদর দপ্তর। আজ মঙ্গলবার রাতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খানের স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকৃতপক্ষে এটি এক স্বার্থান্বেষী গোষ্ঠীর একটি সিক্যুয়েল, যা সাম্প্রতিক সময়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে। এই প্রতিবেদনের মন্তব্যকারীরা হলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাজা ভোগ করা ডেভিড বার্গম্যান, মাদকাসক্তির অভিযোগে বাংলাদেশ সামরিক একাডেমি থেকে বহিষ্কার হওয়া প্রাক্তন ক্যাডেট জুলকারনাইন সের খান (প্রতিবেদনে সামি হিসাবে চিত্রিত) এবং অখ্যাত নেত্র নিউজের প্রধান সম্পাদক তাসনিম খলিল।