
নিউজ ডেস্কঃ জালিয়াতির মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একাডেমিক ভবন নির্মানের কাজ হাতিয়ে নেয়া মামলায় আলোচিত গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীমকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে জিকে শামীমকে গ্রেফতার দেখানোর আদেশ দেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেনের আদালত।
দুদকের আইনজীবী মাহমুদুল হক বলেন, ‘জাল কাগজপত্র দিয়ে চবি’র ষষ্ঠ একাডেমিক ভবনের ৭৫ কোটি টাকার নির্মাণ কাজ হাতিয়ে নিয়েছে জিকে শামীম। এ অভিযোগে দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। দুদকের আবেদনের প্রেক্ষিতে গ্রেফতার দেখানো হয়েছে জিকে শামীমকে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।’