
নিউজ ডেস্কঃ রাজধানীতে যাত্রাবাড়ী কাজলার পাড় এলাকার একটি বাসায় ঢুকে মো. রাজীব (৩০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাকে রক্ষা করতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী সোমা আক্তার মরিয়ম। গতকাল সোমবার রাত ৮টার দিকে যাত্রাবাড়ীর কাজলার কাঠের মসজিদের পাশে রাজিবের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় তাদের দু’জনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক রাত ১০টার দিকে রাজিবকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের সহকারী ক্যাম্প ইনচার্জ আব্দুল খান। তিনি জানান, আহত অবস্থায় তাদের নিয়ে আসে স্বজনরা। রাজিবকে চিকিৎসক মৃত ঘোষণা করে। স্ত্রী মরিয়মের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম গণমাধ্যমকে জানান, জানতে পেরেছি কাজলা এলাকায় ভায়রার হাতে ভায়রা খুন হয়েছে। এই ঘটনায় নিহতের স্ত্রীও আহত। বিস্তারিত ঘটনা জানার জন্য ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।