
নিউজ ডেস্কঃ দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপে পর্যটকদের যাতায়াতে কড়াকড়ি অনেকটা শিথিল হওয়ায় ধর্মঘট প্রত্যাহার করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর আহমেদ বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, দুইদিন আমরা সফলভাবে ধর্মঘট পালন করেছি। সোমবার (১ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপিও দিয়েছি। এখনও প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের কোনো ধরনের সিদ্বান্ত জানানো হয়নি। তবে পর্যটকদের ছেঁড়াদ্বীপ ভ্রমণে যে কড়াকড়ি আরোপ করা হয়েছিল, তা অনেকটা শিথিল করা হয়েছে। যে কারণে আমরা আজ ধর্মঘট পালন করছি না।
ছেঁড়াদ্বীপে পর্যটকদের যাতায়াত বন্ধের প্রতিবাদে সেন্টমার্টিন যাত্রী পরিবহন সমবায় সমিতি, সেন্টমার্টিন সার্ভিস বোট, স্পিডবোট, গামবোট মালিক সমিতি, ইজিবাইক (টমটম) ও ভ্যানগাড়ি সমিতি রোববার (৩১ জানুয়ারি) তিনদিনের ধর্মঘটের ডাক দেয়।